রায়গঞ্জে নিউমোনিয়ায় এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিউমোনিয়ায় এক শিশু মারা গেছে। গত এক সপ্তাহে এ রোগে শিশুসহ ৩৪ জন আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মারা যাওয়া শিশুটির নাম আবদুল্লাহ (২০ মাস)। সে উপজেলার ধানগড়া এলাকার আবদুল বাছেদের ছেলে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বহির্বিভাগে ২৫ জন এবং অন্তর্বিভাগে ১০টি শিশু চিকিৎসা নিয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়টি শিশু ভর্তি ছিল। এরা হলো নলছিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে মোহন, ইনতাজ আলীর মেয়ে ফাতেমা; তেলিজানা গ্রামের জিয়া সেখের ছেলে জোবাইল, নলছিয়ার কবিরুল ইসলামের ছেলে ওমর ফারুক; সরাইহাজীপুরের ইউসুফ আলীর ছেলে শাওন ও লাঙ্গলমোড়া গ্রামের আলম সেখের মেয়ে আলুফা। আবাসিক চিকিৎসা কর্মকর্তা তৌহিদ বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের সময়ে প্রতি বছরই নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ে। আমাদের চেষ্টায় রোগীর মৃত্যুর ঘটনা খুবই কম। তবে একদম খারাপ অবস্থায় যে রোগী আসে তাকে বাঁচানো যায় না।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, শিশু এবং বয়স্কদের একটু বেশি যত্নে রাখলে নিউমোনিয়ার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। নিউমোনিয়ায় আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে।