রায়গঞ্জে নয়টি বাড়িতে ডাকাতি ফটিকছড়িতে গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় গত রোববার দুপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। ওইদিন রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতের গুলিতে এক গৃহবধূ নিহত ও তাঁর স্বামী আহত হয়েছেন। একই রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নয়টি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির প্রতিবাদে পাঙ্গাসী বাজারে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।রামু (কক্সবাজার): নুরুল আলম ও জকির উদ্দিন উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি করে আসছিল। সম্প্রতি তাদের নেতৃত্বে এলাকায় একাধিক ডাকাতি হয়েছে। রোববার এলাকায় আসার খবর জানাজানি হলে গ্রামবাসী তাদের খোঁজাখুঁজি করে। এ অবস্থায় দুপুরে বোরকা পরে এলাকা ছেড়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে ও গণপিটুনির পর তাদের হাতের কব্জি কেটে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নুরুল আলম প্রকাশ নেতাপুতু। জকির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির পর বিকেলে তার মৃত্যু হয়। নুরুল আলম ছোটজামছড়ি হাইস্কুল পাড়ার আব্বাস মিয়া ও জকির উদ্দিন হাজিরপাড়ার মো. হোসেন ফকিরের ছেলে। জকিরের ভাই শামসুল আলম দাবি করেন, জাকির ডাকাত নয়, পেশায় কৃষক। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান পিপিএম বলেন, নিহত দুজনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক ডাকাতির মামলা আছে।ফটিকছড়ি (চট্টগ্রাম): রোববার রাত দুইটার দিকে উপজেলার ভুজপুর থানা এলাকার পাগলিছড়ি গ্রামের আহমদ ছাফার ঘরে প্রবেশ করে একদল ডাকাত। নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে পালানোর সময় গৃহবধূ বেলা খাতুন (৫০) চির‌্যাকার দিলে ডাকাতেরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। আহত হয় তাঁর স্বামী আহমদ ছাফা (৫৫)।থানার উপপরিদর্শক (এসআই) মোহন লাল চন্দ্র বলেন, প্রতিরোধ করতে গিয়ে ডাকাতের ছোড়া গুলিতেই বেলা খাতুনের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ দুটি কার্তুজ উদ্ধার করে। ভুজপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, স্থানীয় ডাকাত সেলিম ও রূপন বড়ুয়া গ্রুপের সদস্যরা এসব ডাকাতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে নিহতের ছেলে শহিদুল হক মামলা করেছেন।সিরাজগঞ্জ ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রোববার রাতে উপজেলার বাসুদেবকোল গ্রামে সংখ্যালঘু হিন্দু-অধ্যুষিত চাকীদের পাড়ায় পুলিশ পরিচয়ে ৩০-৩৫ জনের একদল ডাকাত প্রবেশ করে ডাকাতি শুরু করে। এ সময় তারা অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে সাতটি বাড়ি থেকে সাত-আট লাখ টাকার মালামাল ও পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে। একই রাতে উপজেলার হাটপাঙ্গাসীতে অস্ত্রের মুখে দুটি হিন্দু পরিবারের লোকজনকে জিম্মি করে টেলিভিশন, সিডি প্লেয়ার, স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় একদল ডাকাত। পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির খান বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ জানায়, ঘটনাগুলো ডাকাতির নয় চুরির। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় রঞ্জিত কুমার বাদী হয়ে গতকাল সোমবার সলঙ্গা থানায় একটি মামলা করেছেন। রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজ জামান আশরাফ বলেন, পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।