রায়গঞ্জে পরীক্ষার ফল আগের চেয়ে ভালো
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে বলে জানা যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তর্ভুক্ত এলাকার ৩৬টি উচ্চবিদ্যালয় থেকে ২ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ২৮৬ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৭৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৪৫ জন। গত বছরের চেয়ে এবার অতিরিক্ত ২৫ জন জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয়গুলোর মধ্যে ১১টি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল নয়টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো—ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় (১৩৮), গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চবিদ্যালয় (২৭), রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় (৬৮), জে কে এ মান্নান উচ্চবিদ্যালয় (২৫), হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চবিদ্যালয় (৬৪), সুবর্ণগাঁতী উচ্চবিদ্যালয় (৮০), ভূইঞাগাঁতী বালিকা উচ্চবিদ্যালয় (১৫), কে সি ফরিদপুর উচ্চবিদ্যালয় (৫৫), নলকা মডেল উচ্চবিদ্যালয় (৪৫), ধুবিল আয়শা-ফজলার উচ্চবিদ্যালয় (৬৮) ও ইডিএন উচ্চবিদ্যালয় (৪৭)। এদিকে ৩১টি দাখিল মাদ্রাসা থেকে ৪৬৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪১২ জন। পাসের হার ৮৮ দশমিক ২২ ভাগ। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি।
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, সবার মিলিত চেষ্টায় এ রকম ভালো ফল হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, এ ধারাবাহিকতা রক্ষা করে আরও ভালো ফল করার জন্য সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে।