রায়গঞ্জে পুণ্যস্নান ও বারোয়ারি মেলা সম্পন্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বসন্তকালীন গঙ্গাপূজা ও পুণ্যস্নান উপলক্ষে বারোয়ারি মেলা গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গতকাল ভোরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মুড়াগাছায় এ উৎসব শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, বসন্তকালে কৃষ্ণপক্ষের মধুকৃষ্ণা ত্রয়োদশ তিথিতে ভক্তরা গঙ্গাপূজা শেষে ওই নদীতে স্নান করলে তাঁদের পাপ মোচন হয়।
উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুড়াগাছা গ্রামের বাসিন্দা প্রণব সেন বলেন, করতোয়ার শাখানদীতে এ স্নানের উৎসব হচ্ছে বছরের পর বছর ধরে। কিন্তু বর্তমানে শাখানদীতে জল না থাকায় স্নান উপলক্ষে জলের ব্যবস্থা করতে হয়।
ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা বলেন, এখনো এখানে পুণ্যস্নান করতে রায়গঞ্জ, শেরপুর, ধুনট উপজেলাসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা আসেন। আর এ উপলক্ষে বসে বারোয়ারি মেলা। মেলায় বড় বড় মাছ আর বিভিন্ন ধরনের মিষ্টান্ন পাওয়া যায়।
চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারেও শান্তিপূর্ণ পরিবেশে স্নান উৎসব আর মেলা সম্পন্ন হয়েছে।