রায়গঞ্জে পূজায় বাদ্যকরদের কদর বেড়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাদ্যকরদের কদর বেড়েছে। সারা বছর রোজগার কম থাকায় অভাব-অনটনে কাটাতে হলেও বছরের এ সময়টাতে পূজা উপলক্ষে তাঁদের ভালোই রোজগার হয়।
উপজেলার বিভিন্ন এলাকার বাদ্যকরদের সঙ্গে কথা বলে জানা যায়, নানা কারণে তারা পূর্বপুরুষদের পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। অনেকেই পড়ালেখা শিখে আর এ পেশায় থাকতে চান না। যাঁরা এখনো পেশাটি আঁকড়ে আছেন, তাঁদেরও সারা বছর তেমন কোনো কাজ থাকে না। তবে পূজা এলেই কদর বাড়ে এসব মানুষের। বিশেষ করে শারদীয় দুর্গা উৎসবে তাঁদের দাম বাড়ে সবচেয়ে বেশি।
কারণ হিসেবে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া পালপাড়ার কৃষ্ণ বাদ্যকর বলেন, উপজেলাজুড়ে প্রতিবছর ৭০টির মতো মণ্ডপে পূজার আয়োজন করা হয়। একটি মণ্ডপে কমপক্ষে একজন বাদ্যকর লাগেই। এ জন্য এ সময় তাঁদের কদর অনেক বেড়ে যায় বলে তিনি জানান। লক্ষ্মণ কুমার বাদ্যকর বলেন, দুর্গাপূজার পাঁচ দিনে একেকজন বাদ্যকর পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। শহরে গেলে এ টাকার পরিমাণ অারও বাড়ে বলে তিনি জানান।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের বিষ্ণুপদ বাদ্যকর বলেন, ধর্মীয় উৎসব বলে বেশি টাকার আশায় কেউই বাইরে যেতে চান না। এলাকার লোকজন যা দেন, তা নিয়েই তাঁরা কাজ করেন বলে তিনি জানান।
বাদ্যকরদের আগের মতো কাজ নেই উল্লেখ করে সুমন বাদ্যকর বলেন, দুর্গাপূজা শেষে আবার অন্য কাজ করতে হবে তাঁদের, না হলে ওই সময় শুধু বাজনাদারের কাজ করে পরিবার-পরিজনের ভরন-পোষণও করা সম্ভব হয় না।
ধানগড়া পালপাড়ার সুশান্ত বাদ্যকর বলেন, ‘সারা বছর অন্য কাজ করলেও পূজার কয়েক দিন বাদ্যকর হয়ে যাই। এতে যা আয় হয়, তা মন্দ নয়।’
রায়গঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার বলেন, বাস্তবতার কারণে অনেকেই তাঁদের পূর্বপুরুষদের পেশা ছাড়ছেন। তবে পূজায় বাদ্যকররা ভালো সেবা দেন।