রায়গঞ্জে বাস খাদে পড়ে দুই, চৌগাছায় নিহত সাইকেল আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে দুজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে যশোরের চৌগাছা উপজেলায় বাস চাপায় নিহত হন এক বাইসাইকেল আরোহী।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি ঠাকুরগাঁও থেকে ঢাকায় যাচ্ছিল। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। ঘটনাস্থল থেকে ১৯ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার সৈয়দপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে জহির উদ্দিন (২০) ও একই এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন (৩৫)। 


রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে বেলা ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলায় নিজ গ্রাম পলুয়াতে বাস চাপায় নিহত হন বাইসাইকেল আরোহী হোসেন আলী (৪৮)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই হোসেন আলীর মৃত্যু হয়। বাসটি ঝিকরগাছা থেকে চৌগাছার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি থামাতে রাস্তার ওপর দাঁড়ান একই গ্রামের রেজাউল সর্দার। কিন্তু বাসটি তাঁকেও চাপা দিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন বাসটি আটকাতে সক্ষম হয়। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

হোসেন আলী নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা সাড়ে ১১টা থেকে দুটো পর্যন্ত চৌগাছা-ঝিকরগাছা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।