রায়গঞ্জে বাড়ছে বাল্যবিবাহ ঝরে পড়ছে কিশোরীরা
অভিভাবকদের অসচেতনতা ও প্রশাসনের নজরদারি না থাকায় সিরাজগঞ্জের রায়গঞ্জে বাল্যবিবাহের সংখ্যা বাড়ছে। এতে অনেক কিশোরী মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করার আগেই ঝরে পড়ছে।অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রশাসনের নাকের ডগায় একশ্রেণীর কাজির সহায়তায় বাল্যবিবাহের সংখ্যা বেড়েই চলছে।কয়েক দিন আগে রায়গঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলতাব আলীর মেয়ে আসমা খাতুনের সঙ্গে ধানগড়া গুচ্ছগ্রামের আবদুল লতিফের ছেলে শামিম হোসেনের বিয়ের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ায় মেয়েটির মা-বাবা তার নানার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ে তাকে বিয়ে দেন।খোঁজ নিয়ে জানা গেছে, চতুর্থ শ্রেণীর ছাত্রী আসমা খাতুনের জন্মনিবন্ধন সনদপত্রে জন্মতারিখ দেখানো হয়েছে ২৫ ডিসেম্বর ১৯৯৩। পৌর কার্যালয় থেকে এ ধরনের সনদ দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের সুপারিশের পর সনদপত্র দেওয়া হয়। এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলায় এভাবে প্রতিবছর অনেক আদিবাসী, মুসলমান ও হিন্দু পরিবারের অল্পবয়সী মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে।উপজেলার নিকাহ নিবন্ধনকারী কাজি ও হিন্দু পুরোহিতদের হিসাবমতে, গত এক বছরে প্রায় দুই হাজার বিয়ে হয়েছে। এর মধ্যে বাল্যবিবাহের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। আদিবাসীদের মধ্যে এ বিয়ের প্রবণতা সবচেয়ে বেশি। মুসলমান ও হিন্দুদের মধ্যে যারা পড়ালেখায় অনগ্রসর ও অর্থনৈতিকভাবে পিছিয়ে, তাদের মধ্যেই এ বিয়ের সংখ্যা বেশি।সলঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার ভৌমিক জানান, অষ্টম শ্রেণীতে ওঠার আগেই ১০ ভাগ মেয়ের বিয়ে হয়ে যায়। এরপর দশম শ্রেণীর আগে আরও প্রায় ৫ ভাগ মেয়ের বিয়ে হয়।তেলিজানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ষষ্ঠ শ্রেণীতে যে কয়েকজন মেয়ে ভর্তি হয়, দশম শ্রেণীতে গিয়ে তার অর্ধেকসংখ্যক থাকে না। যারা চলে যায়, তাদের বেশির ভাগের বিয়ে হয়ে যায়।ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, তাঁরা চেষ্টা করার পরও বিভিন্ন কারণে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয় না।উপজেলা নিকাহ নিবন্ধনকারী সমিতির সভাপতি আবদুল মান্নান দাবি করে বলেন, ‘বর-কনের বয়সের সনদপত্র ছাড়া আমরা বিয়ে রেজিস্ট্রি করি না। তবে বিয়ের আসরে গিয়ে যদি দেখি বর-কনের বয়স কম, তবে রেজিস্ট্রি না করে চলে আসি।’রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, বাল্যবিবাহের সঙ্গে সংশ্লিষ্টতার অপরাধে দোষী ব্যক্তিদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এ বিধান থাকার পরও বাল্যবিবাহ হচ্ছে।