রায়গঞ্জে বিজ্ঞান শাখার অর্ধেক শিক্ষার্থীও পাস করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের চরম দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের আটটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ২ হাজার ১০৯ জন অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলেন মাত্র ২৮৫ জন। উত্তীর্ণ হয়েছেন ১৪০ জন। অর্থাৎ, অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

উপজেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে আছেন মাত্র একজন। তিনি সলঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। উপজেলার রায়গঞ্জ পৌরসভার বেগম নূরণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজের ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছেন ৩৮ জন। উত্তীর্ণ হয়েছেন ১১ জন। ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা ডিগ্রি কলেজের ৫০৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ছিলেন ৭০ জন। উত্তীর্ণ হয়েছেন ৪২ জন। চান্দাইকোনা ইউনিয়নের হাজি ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৪২ জন। বিজ্ঞানের ৫৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ জন। সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিলেন ২৬১ জন। বিজ্ঞানের ৪০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন। নলকা ইউনিয়নের ফুলজোড় ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন ২২৮ জন। বিজ্ঞানের ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ জন। জি আর কলেজের ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানের ২৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ জন। রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ১৪১ জন। বিজ্ঞানের ১৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন। পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী কলেজ থেকে ৭৮ জন পরীক্ষায় অংশ নেন। বিজ্ঞানের দুজন পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমন ফলাফল সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে বেশির ভাগ পরীক্ষার্থী খারাপ করেছেন।

এ বিষয়ে দুটি কলেজের চারজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যবহারিক শিক্ষার সিলেবাসে থাকা এসব বিষয়ে পর্যাপ্ত সুবিধা না থাকায় প্রতিবছর গ্রামের শিক্ষার্থীরা খারাপ করছেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার গতকাল শুক্রবার বলেন, বিজ্ঞান বিভাগের ফল বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে ভালো করার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।