রায়গঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে এখানে পল্লী বিদ্যুতের বেশ কটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। মোটা অঙ্কের অর্থ দিয়ে গ্রাহকদেরই এসব ট্রান্সফরমার কিনতে হচ্ছে।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয় ও ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জানুয়ারি মাসে পাঁচ কেভিএ পাঁচটি ও ১৫ কেভিএ একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ছাড়া গত বছরের আগস্ট মাসে ১৫ কেভিএ তিনটি, সেপ্টেম্বরে পাঁচ কেভিএ একটি ও ১০ কেভিএ তিনটি, নভেম্বরে ১০ কেভিএ একটি এবং ডিসেম্বরে ১০ কেভিএ দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী এসব ট্রান্সফরমার ৩৫ থেকে ৮০ হাজার টাকায় কিনে গ্রাহকদেরই পুনঃস্থাপন করতে হচ্ছে।ধানগড়া ইউনিয়নের বুলাকীপুর গ্রামের গ্রাহক ইসমাইল হোসেন জানান, তাঁর বাড়ির সামনের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। নতুন ট্রান্সফরমার কিনতে ২২ জন গ্রাহককে মোট ৮০ হাজার টাকা দিতে হয়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জুলফিকার জানান, চুরি প্রতিরোধে গ্রাহকদের খাঁচা ব্যবহার করার জন্য মাইকিং করা হয়েছে। খাঁচা ব্যবহার করলে চুরি কমবে বলে তিনি মনে করেন।