রায়গঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুতের একটি ট্রান্সফরমার ছয় দিন ধরে বিকল হয়ে আছে। বিদ্যুৎ না থাকায় ২২ জন গ্রাহক পরিবার-পরিজন নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
কয়েকজন পৌরবাসী জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধানগড়া এলাকার নূর-এ আলম সরকারের বাড়ির সামনে গত শুক্রবার সকালে বৃষ্টির সময় পল্লী বিদ্যুতের ১৫ কেভির একটি ট্রান্সফরমার বিকট শব্দে নষ্ট হয়ে যায়। এতে ২২ জন গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এ ছাড়া ধান-গম ভাঙানোর একটি কলও বন্ধ রয়েছে।
ধানগড়ায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ে তাঁরা যোগাযোগ করলে বলা হয়, নষ্ট হয়ে যাওয়া ট্রান্সফরমার মেরামত বাবদ ২৬ হাজার ৪৪৫ টাকা জমা দিতে হবে। গৃহবধূ মর্জিনা বেগম বলেন, ‘বিদ্যুৎ ছাড়া এখন এক ঘণ্টা চলে না, অথচ আমরা ছয় দিন ধরে অন্ধকারে।’
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নিয়াজ উদ্দিন বলেন, ধার্য করা টাকা জমা দিলেই ট্রান্সফরমার মেরামত করা হবে।