রায়গঞ্জে ব্যাংকে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল সোমবার একটি বেসরকারি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির আসবাব ও কিছু মূল্যবান জিনিস পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার চান্দাইকোনায় অবস্থিত স্যোসাল ইসলামী ব্যাংকে আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে বগুড়ার শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। তারা এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আসবাবপত্র, আগুন নেভানোর যন্ত্র ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র পুড়ে গেছে।
মফিজুল হক নামের ওই ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ব্যাংকের ভল্ট ও কাগজপত্রের কোনো ক্ষতি হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস প্রথম আলোকে জানান, খবর পেয়েই ব্যাংকটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ পাঠানো হয়।