রায়গঞ্জে ভূঁইয়াগাতী দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রক্তাক্ত ভূঁইয়াগাতী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল বুধবার দিনব্যাপী রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।কর্মসূচির মধ্যে ছিল, ভোরে শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ ছাত্রনেতাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা। সকালে চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কাঙ্গালিভোজ। প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খন্দকার, যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।১৯৯৬ সালের ৬ মার্চ প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী নির্বাচনকেন্দ্রে বিডিআরের গুলিতে চারজন নিহত ও শতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের নেতা আনন্দ কুমার, বুলবুল আহমেদ, জশমত আলী ও মাসুদ রানা।