রায়গঞ্জে ভূমিহীনদের বিক্ষোভ, মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘নিজেরা করি’র কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভূমিহীনেরা গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে।জানা গেছে, রায়গঞ্জে বিভিন্ন এনজিওর কর্মী ও ভূমিহীনেরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সকাল ১০টায় মিছিল বের করে। তারা মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, আবদুর রহমান, মোস্তফা নুরুল আমীন, মাসুদ আহমেদ, আশরাফুল আলম, ওসমান গণি, আবদুস সামাদ প্রমুখ। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন।৩ জুলাই নিজেরা করির অঞ্চল সমন্বয়কারী কামরুল হাসান, ভূমিহীন নেতা রহমত আলীসহ তিনজন কর্মী গ্রামসোনাই গ্রামে বয়স্ক স্কুল কার্যক্রম পরিদর্শন শেষে ফেরার পথে রাতে কয়েকজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায় ও মারধর করে। এ ব্যাপারে পরদিন ২৩ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি মামলা হয়েছে।