রায়গঞ্জে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মা ও নবজাতকের স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হয়েছে বলে একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে উন্নয়ন সংঘ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, গত ১৫ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত জরিপ চালানো হয়। এতে দেখা যায়, বর্তমানে উপজেলার ৮৫ শতাংশ প্রসূতি প্রসব পরিকল্পনা সম্পন্ন করছেন। আগে এ হার ছিল ৩৮। দক্ষ স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় ৪২ ভাগ প্রসূতি সন্তান প্রসব করছেন। আগে এ হার ছিল ৩৬। ৪৩ ভাগ প্রসূতি সন্তান প্রসবের দুই দিনের মধ্যে দক্ষ স্বাস্থ্যকর্মীর কাছ থেকে পরবর্তী সেবা নিচ্ছেন। আগে এ হার ছিল ২৩। এ ছাড়া ৯৭ ভাগ নবজাতককে ১০ মিনিটের মধ্যে মোছানো-মোড়ানো হচ্ছে। আগে এ হার ছিল ৬৩। জন্মের ৭২ ঘণ্টার মধ্যে ৯৬ ভাগ নবজাতককে গোসল করানো হচ্ছে। আগে এ হার ছিল ৫৩। জন্মের এক ঘণ্টার মধ্যে ৯৪ ভাগ নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছে। আগে এ হার ছিল ৬১।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক শরিফ উদ্দিন, উপজেলা ব্যবস্থাপক প্রদীপ কুমার সূত্রধর, স্বাস্থ্য পরিদর্শক আলী আকবর প্রমুখ। এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।