রায়গঞ্জে লিঙ্গপ্রতিবন্ধীদের উৎপাত বেড়েছে
ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় লিঙ্গপ্রতিবন্ধীদের (হিজড়া) উৎপাত বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নাজেহাল হচ্ছেন। এ ছাড়া এলাকার লোকজনকেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সরেজমিনে উপজেলার সলঙ্গা, ধানগড়া, চান্দাইকোনা, ঘুড়কা, ভূইয়াগাঁতিসহ বিভিন্ন হাটবাজার ঘুরে ব্যবসায়ী ও লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।ধানগড়া বাজারের ব্যবসায়ী আরমান আলী বলেন, সারা বছরের তুলনায় ঈদের আগেই লিঙ্গপ্রতিবন্ধীদের উৎপাত বাড়ে। সাত-আটজন লিঙ্গপ্রতিবন্ধী দলবদ্ধ হয়ে উগ্র সাজসজ্জায় বাজারের প্রত্যেকটি দোকানে ঢুকে চাঁদা দাবি করেন। তাঁদের চাহিদামতো টাকা না দিলে নানারকম ঝামেলা করা হয়। তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজও করেন। সলঙ্গা বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, তাঁদের উৎপাতে ক্রেতারাও অতিষ্ঠ হয়ে যান। আসাদুল আলম নামে একজন জানান, রাস্তাঘাটে ছেলেমেয়ে নিয়ে চলতে গেলে তাঁদের আচরণে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। রায়গঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মকর্তা জানান, ধানগড়া প্রামাণিক পাড়ার এক লিঙ্গপ্রতিবন্ধীকে বাবুর্চির চাকরি দেওয়া হয়েছিল। দেড় মাস কাজ করার পরই তিনি পালিয়ে যান। কাজ করার চেয়ে বিভিন্ন হাটবাজারে চাঁদা তুলে খাওয়া সহজ বলে তাঁরা কাজ করতে চান না। রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে শতাধিক লিঙ্গপ্রতিবন্ধী রয়েছেন। কিন্তু বিভিন্ন সময় আশপাশের উপজেলার লিঙ্গপ্রতিবন্ধীদের সঙ্গে যুক্ত হয়ে তাঁরা বিভিন্ন হাটবাজারে চাঁদা তোলেন। বিশেষ করে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রয়েছে তাঁদের সবচেয়ে বড় আড্ডা। বিভিন্ন এলাকা থেকে এসে তাঁরা জড়ো হন এবং এখান থেকে বিভিন্ন হাটবাজারে ছড়িয়ে পড়েন।লাভলী (ছদ্মনাম) নামের এক লিঙ্গপ্রতিবন্ধী বলেন, ‘আমাদের কেউ কাজ দেয় না। পরিবার থেকেও আমরা বিচ্ছিন্ন। তাই বাধ্য হয়ে লোকজনকে আনন্দ দিয়ে টাকা-পয়সা তুলি।’ শফিকুল ইসলাম (২৫) নামে আরেকজন জানান, কাজ করলেও লোকজন নানারকম খারাপ কথা বলে। এ জন্য বাধ্য হয়েই এই পথ বেছে নিয়েছেন। রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম বলেন, পারিবারিক ও সামাজিকভাবে উদ্যোগ নিলে অনেককেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।