রায়গঞ্জে লোডশেডিং, দুর্ভোগে জনগণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিনে-রাতে সমানতালে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা চলছে। গড়ে ১২ ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না।
উপজেলার রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা, চান্দাইকোনা, সোনাখাড়া, ধামাইনগর, ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, রমজান মাসের প্রথম দিকে বিদ্যুতের অবস্থা ভালো ছিল। দিনে-রাতে দু-চারবার লোডশেডিং হলেও তা ছিল সহনীয়। কিন্তু ১০ দিন ধরে অবস্থা খারাপ হচ্ছে। দিনে কতবার বিদ্যুৎ যায়-আসে তা কেউ বলতে পারে না। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। গত শনিবার প্রায় ৫০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। আর গতকাল রোববার রাত আটটা পর্যন্ত ২০ বার।
রায়গঞ্জ পৌরসভার রণতিথা এলাকার গৃহবধূ ফরিদা পারভিন বলেন, রোজার দিনেও বিদ্যুতের কারণে স্বস্তি পাওয়া যাচ্ছে না। গরম বাড়লেই লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়। ধানগড়া এলাকার জাহানারা বেগম বলেন, দিনে-রাতে অসংখ্যবার বিদ্যুৎ যাওয়া-আসা করায় কোনো কাজ করা যায় না।
ঈদ সামনে রেখে দোকান সাজিয়ে বসা ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুতের কারণে ব্যবসা করা যাচ্ছে না। জেনারেটর দিয়েও কাজ হচ্ছে না।
সোনাখাড়া ইউনিয়নের ধলজান গ্রামের অটোভ্যানচালক আবু হানিফ বলেন, বিদ্যুতের সরবরাহ ঠিক না থাকায় ঠিকমতো ব্যাটারি চার্জ হচ্ছে না। ফলে পুরো দিন ভ্যান চালানো যাচ্ছে না।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শামীম খান বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অবস্থার পরিবর্তনে চেষ্টা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার গতকাল রোববার বিকেলে বলেন, অবস্থার পরিবর্তনে উদ্যোগ নেওয়া হচ্ছে।