সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া প্রধান সড়কে দোকানপাট বসায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাটের দিনে এই ভোগান্তি চরম আকার ধারণ করে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
পৌরসভার সবচেয়ে বড় ধানগড়া হাটবাজারে গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের গুরুত্বপূর্ণ ধানগড়া-ব্রহ্মগাছা সড়কের কয়েকটি স্থানে সড়কজুড়ে দোকানপাট বসেছে। এর মধ্যে ধানগড়া বাসস্ট্যান্ড থেকে স্কুল রোডের গোলাপ বাজার এলাকায় কাঁচাবাজার, চেয়ারম্যানবাড়ি থেকে তালতলা মসজিদ সড়কে সবজি ও দুধবাজার, মুক্তিযোদ্ধা সংসদের সামনে মৌসুমি ফল ও কাপড়ের দোকান, পুরোনো খেয়াঘাট এলাকায় ভ্রাম্যমাণ খাবারের দোকান রয়েছে। অথচ ওই সড়কের পাশেই রয়েছে একটি মহিলা কলেজ, বালিকা উচ্চবিদ্যালয়, মহিলা দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, টেকনিক্যাল কলেজ, একটি উচ্চবিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সপ্তাহের রবি ও বুধবার এখানে হাট বসে। এই দুই দিন সড়কগুলো মানুষে একাকার হয়ে যায়। প্রায়ই পথ চলতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের শিক্ষার্থী ঝর্ণা খাতুন বলে, হাটের দিন এই সড়কে চলাচল করতে খুব সমস্যা হয়। ভোগান্তি এড়াতে হাটের দিনে অনেকেই কলেজে আসতে চায় না।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, হাটের দিন জরুরি কোনো কাজে বের হলে খুব সমস্যা হয়। সড়কে হাট বসায় চলাচল করতে অনেক সময় লাগে।
ধানগড়া হাটবাজারের ইজারাদার কামরুল ইসলাম বলেন, হাট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
ধানগড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, সড়কে দোকান বসার পাশাপাশি অনেক সময় যানবাহন থামিয়ে পণ্য খালাস করতে গিয়ে বেশি ঝামেলার সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ আরও বাড়ে।
রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, নদীভাঙনের কারণে হাটের জায়গা কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা সড়কের ওপর দোকান বসান। অন্য জায়গায় তাঁদের বসার ব্যবস্থা করতে চাইলেও ব্যবসায় মার খাওয়ার ভয়ে তাঁরা যেতে চান না।