রায়গঞ্জে সরকারিভাবে ধান কেনা শুরু হয়নি
এক মাসের বেশি সময় পার হলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান ক্রয় শুরু হয়নি। স্থানীয় কৃষকেরা বলছেন, সরকারি গুদামে সরবরাহের জন্য তাঁরা ধান মজুত করে রেখেছেন। তবে নগদ অর্থের জন্য বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তাঁদের লোকসান হচ্ছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে ৫ মে থেকে সংগ্রহ অভিযান শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবার সারা দেশে সাত লাখ টন ধান ও ছয় লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রায়গঞ্জ থেকে সংগ্রহ করা হবে তিন হাজার টন ধান। প্রতি কেজি ধান ২৩ টাকা এবং চাল ৩২ টাকা দরে কেনা হবে।
গত ২৭ মে রায়গঞ্জে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। তবে এখনো কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়নি।
উপজেলার ধানগড়া ইউনিয়নের বেটুয়া গ্রামে কৃষক গোলাম মোস্তফা বলেন, ধান ক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। আমরাও আশায় ছিলাম, বেশি দামে ধান বিক্রি করতে পারব। তবে এখনো কার্যক্রম শুরু হয়নি। নগদ অর্থের জন্য বাজারে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে।
এ ইউনিয়নের গুলাকিপুর গ্রামের ইসমাইল হোসেন জানান, বর্তমানে বাজারে প্রতি মণ (প্রায় ৩৭ কেজি) গুটি স্বর্ণা ৪০০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরকারি গুদামে সরবরাহ করলে এর দাম পাওয়া যাবে প্রায় ৮৫০ টাকা। সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় কৃষকেরা লোকসানে পড়ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, রায়গঞ্জের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে প্রায় পাঁচ হাজার কৃষক তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খাদ্যশস্য ক্রয় কমিটির সভাপতি ইকবাল আখতার গতকাল শনিবার বলেন, ‘যাচাই-বাছাই শেষ হলে ধান কেনা শুরু হবে। ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে কৃষক তার ধানের দাম পাবেন। ফলে কোনো অনিয়ম হওয়ার আশঙ্কা নেই।’