রায়গঞ্জে সাতজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মসজিদের দেয়াল ভাঙার অপরাধে সাতজনের কারাদণ্ড হয়েছে। জানা গেছে, ২০০৭ সালে উপজেলার পূর্বলক্ষ্মীকোলা গ্রামে সীমানাসংক্রান্ত বিরোধের জেরে বেল্লাল হোসেনের লোকজন মসজিদের দেয়াল ভেঙে ফেলে। এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাদী হয়ে সাতজনকে আসামি করে সিরাজগঞ্জ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ বিচারিক হাকিম আদালত-৫-এর বিচারক হামিদুল ইসলাম অভিযুক্ত সাতজনকে সাত বছর করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পূর্বলক্ষ্মীকোলা গ্রামের বেল্লাল হোসেন, তাঁর বাবা আকবর হোসেন, ভাই হাসান আলী, বেল্লাল হোসেনের শাশুড়ি তাড়াশ উপজেলার বারুহাস গ্রামের জরিনা বেগম, শ্বশুর আসাব উদ্দিন, স্ত্রী আছিয়া বেগম ও মা সুফিয়া বেগম। আদালতের কাঠগড়ায় উপস্থিত আসামিদের রায় প্রদান শেষে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।