রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল নামক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা সেনাসদস্য জিয়াউর রহমানের স্ত্রী রত্না খাতুন (২৫) এক বছর বয়সী শিশু মেয়েকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার জন্য চান্দাইকোনা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে ওঠেন। ষোলমাইল এলাকায় এলে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক বগুড়া জেলার ধুনট থানার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী গ্রামের মোতালেব হোসেনের ছেলে সোহেল রানা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় রত্না খাতুনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিমুল এহসান তৌহিদ বলেন, হাসপাতালে মৃত অবস্থায় রত্না খাতুনকে আনা হয়েছিল। তবে রত্না খাতুনের শিশু মেয়েটি সামান্য আহত হয়েছে। তাকে পরিবারের লোকজন নিয়ে গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি।
নছিমনের চাপায় কৃষকের মৃত্যু
এদিকে আমাদের নাটোর প্রতিনিধি জানিয়েছেন, জেলার বড়াইগ্রাম উপজেলার গাড়ফা এলাকার জোনাইল সড়কে নছিমনের নিচে চাপা পড়ে বাবুল বিশ্বাস (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, উপজেলার দিয়াড়গাড়ফা গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪২) নিজ বাড়ি থেকে গাড়ফা মোড় হয়ে জোনাইল বাজারে যাচ্ছিলেন। তিনি গাড়ফা মোড়ে পৌঁছামাত্র পা পিছলে জোনাইল সড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন থেকে একটা নছিমন এসে তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তিনি মারা যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।