রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শাহাদত হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঁইয়াগাঁতী সোনালীচর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন হাটিকুমরুল থেকে রায়গঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার রয়হাটি এলাকায় দ্রুতগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শাহাদাত হোসেন ঘটনাস্থলেই মারা যান। এদিকে গত মঙ্গলবারের দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে গতকাল বুধবার সকাল ১০টার দিকে অবরোধ করেন। এ সময় সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ওই এলাকায় গতিরোধক স্থাপনের জন্য উপস্থিত হলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।