রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক সংস্কারের দাবিতে গত সোমবার সিরাজগঞ্জের রায়গঞ্জে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। বেলা ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা কলেজ-সংলগ্ন ধানগড়া-চান্দাইকোনা সড়ক অবরোধ করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় ব্যক্তিরা জানান, অবরোধের কারণে সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কলেজ অধ্যক্ষ ঘটনাস্থলে যান। তাঁরা সড়ক সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। কলেজের দশম শ্রেণীর ছাত্র আজাদ হোসেন বলল, মূল সড়ক থেকে কলেজে যাওয়ার রাস্তাটি সংস্কারের দাবি দীর্ঘদিনের। সড়ক সংস্কার না করায় কলেজের শিক্ষার্থীরা নানা ভোগান্তি পোহাচ্ছে। দ্বাদশ শ্রেণীর ছাত্র নাসির উদ্দিন জানায়, কলেজের রাস্তার অবস্থা এতটা খারাপ যে সাইকেল নিয়েও মূল সড়ক থেকে নামা যায় না। বিভিন্ন সময় দাবি করা হলেও এ ব্যাপারে কেউ পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। কলেজের অধ্যক্ষ আবদুল মালেক সরকার বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে ফেরত নিয়ে যাই।’