রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা সেনাসদস্য জিয়াউর রহমানের স্ত্রী রত্না খাতুন (২৫) এক বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ভাড়ায়চালিত মোটরসাইকেলে ওঠেন। ষোলমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক বগুড়ার ধুনটের কৈগাঁতী গ্রামের সোহেল রানা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় রত্নাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিমুল এহসান তৌহিদ বলেন, রত্নাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। রত্নার সন্তানটি সামান্য আহত হয়েছে। তাকে পরিবারের লোকজন নিয়ে গেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বেলা দুইটার দিকে বলেন, এ বিষয়ে মামলা হবে। তবে লাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে হাটিকুমরুল হাইওয়ে থানা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, পরিবার দুটির সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।