রায়গঞ্জে হঠাৎ বেড়েছে ধান চালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে হঠাৎ করে ধান-চালের দাম বেড়ে গেছে। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছে নতুন দুর্ভোগে। ১০ থেকে ১২ দিন ধরে সব ধরনের ধানের দাম বাড়ছে বলে উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, সলঙ্গা, নিমগাছীসহ বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে।সরেজমিনে জানা যায়, ৬০০ টাকা মণের ধান বিক্রি হচ্ছে ৭৮০ দরে, ৭৫০ টাকার ধান ৮৫০ এবং ৮০০ টাকার ধান বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। এতে স্বাভাবিকভাবেই বেড়ে গেছে চালের দাম। স্থানীয়ভাবে উৎপাদিত যে চাল আগে বিক্রি হতো প্রতি কেজি ৩২ টাকায়, তা এখন বিক্রি হচ্ছে ৩৪ টাকা দরে। এ ছাড়া বিভিন্ন মোকাম থেকে আসা কাজললতা চাল ৩৬ টাকার পরিবর্তে ৩৯, বিআর-২৮ জাতের চাল ৩৫ টাকার পরিবর্তে ৩৮, ২৯ জাতের চাল ৩৩ টাকার পরিবর্তে ৩৬ এবং নাজিরশাইল ৪৪ টাকার পরিবর্তে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। ধানগড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, জিনিসপত্রের দাম এমনি বাড়তি। তার ওপর এখানে চালের দাম হঠাৎ আরও বাড়তে শুরু করেছে। এখন কেজিপ্রতি তিন টাকা বাড়তি দিয়ে চাল কিনতে হচ্ছে।ক্ষুদ্রসাদরা গ্রামের শাহজাহান আলী বলেন, ‘দিনমজুরি করে যে টাকা পাই, তা দিয়ে কোনোমতে চলে। এখন চালের দাম বাড়ায় নতুন করে সমস্যা বাড়ছে।’ধানগড়া বাজারের চাল ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বলেন, বর্তমানে ধান কিনে চাল তৈরির খরচ বেড়ে যাওয়ায় চালের দাম কিছুটা হয়তো বাড়তি।