রায়গঞ্জে হাটবাজারগুলোতে শৌচাগার নেই, বিড়ম্বনা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১৮টি হাটবাজারে গণশৌচাগার নেই। এগুলোতে নালা থাকলেও ময়লা-আবর্জনা জমে থাকায় পানি সরে না। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই ১৮টি হাটবাজার উপজেলা ও পৌরসভা প্রশাসনের মাধ্যমে ইজারা দেওয়া হয়। প্রতিবছর ইজারা দিয়ে আয় হয় প্রায় এক কোটি টাকা।এলাকাবাসীর অভিযোগ, ইজারা দিয়ে কোটি টাকা আয় করলেও হাটবাজারগুলোর উন্নয়নে উপজেলা প্রশাসন ও পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিয়মিত পরিষ্কার না করায় অধিকাংশ শৌচাগারের ময়লা হাটবাজারগুলোর নালায় জমে আছে। উপজেলার সবচেয়ে বড় বাজার ও হাট হচ্ছে ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা। ওই হাটে ৪ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, সেখানে পানিনিষ্কাশনের জন্য তৈরি নালাগুলো মাটি ও আবর্জনায় ভরে গেছে। ফলে বাজারের মধ্যে পানি জমে থাকায় নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাট বসে। নানা প্রয়োজনে প্রতি হাটে হাজার হাজার মানুষ আসে। কিন্তু এখানে তাদের প্রাকৃতিক কাজ সারার জন্য কোনো গণশৌচাগার নেই। বাধ্য হয়ে অনেকেই খোলা জায়গায় অথবা হাটের পাশে ঝোপঝাড়ে গিয়ে প্রাকৃতিক কাজ সারে।পৌরসভার মধ্যে বড় হাট হিসেবে পরিচিত ধানগড়ার অবস্থাও খারাপ। এ হাটের নালাগুলোও মাটি আর আবর্জনা পড়ে বন্ধ হয়ে গেছে। এখানেও কোনো গণশৌচাগার নেই। এতে এখানে আসা ক্রেতা ও বিক্রেতারা বিড়ম্বনার শিকার হয়।রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, পৌরসভার হাটবাজারগুলোতে পানিনিষ্কাশনের জন্য নালা এবং গণশৌচাগার তৈরি করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে।