রায়গঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ উপজেলার মানুষ

হাতি দিয়ে টাকা তোলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মানুষ অতিষ্ঠ। প্রায় এক মাস ধরে প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গায় হাতি নিয়ে হানা দিচ্ছেন এর মাহুতেরা। যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত টাকা আদায় করা হচ্ছে। বিভিন্ন স্থানে লোকজনের অগোচরে হাতিকে কলাগাছ খাওয়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিরক্ত।
৬ আগস্ট উপজেলার ধানগড়া বাজারে একটি মা ও একটি বাচ্চা হাতি নিয়ে দুজন মাহুত টাকা আদায় শুরু করেন। ধানগড়া বাসস্ট্যান্ড থেকে পুরোনো চৌরাস্তা পর্যন্ত প্রায় প্রতিটি দোকান থেকে কমপক্ষে ১০ টাকা করে আদায় করেন তাঁরা।
এ সময় রাস্তার বিভিন্ন যানবাহন থেকেও টাকা আদায় করা হয়। ধানগড়া বাজারের ব্যবসায়ী মেহেদি হাসান বলেন, ‘প্রথম দু-একবার ইচ্ছে করেই হাতিকে টাকা দিয়েছি। কিন্তু এখন প্রায়ই মাহুতেরা হাতি নিয়ে এসে টাকা আদায় করছেন। বিষয়টি সহ্যের বাইরে চলে যাচ্ছে।’ একই ধরনের কথা বলেন বাজারের আরও ১০ জন ব্যবসায়ী।
সিএনজিচালিত অটোরিকশার চালক আকাশ সরকার বলেন, যাত্রী নিয়ে আসা-যাওয়ার পথে হঠাৎ করেই গাড়ির সামনে হাতি এসে দাঁড়িয়ে পড়ে। টাকা না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ে না বলে তিনি জানান।
একই কথা বলেন আরও পাঁচজন চালক। শুধু ধানগড়া বাজার নয়, হাতির এই উৎপাত চলছে গোটা উপজেলায়। ৫ আগস্ট দিনভর উপজেলার চান্দাইকোনা বাজারে টাকা আদায় করা হয় বলে জানান তিনজন ব্যবসায়ী। এ ছাড়া সলঙ্গা, নিমগাছি, ব্রহ্মগাছা, পাঙ্গাসী বাজারেও মাহুতেরা হাতি নিয়ে হানা দিচ্ছেন নিয়মিত।
হাতির একজন মাহুতের সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহ এলাকার একটি সার্কাস দলের দুটি হাতি নিয়ে তাঁরা এদিকে এসেছেন। জোর করে নয়, লোকজন খুশি হয়ে যা দেন, তা-ই নেন বলে জানান তিনি। পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, কোনো বন্য প্রাণীকে দিয়ে এভাবে টাকা আদায় করা আইনবিরুদ্ধ। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।