রায়গঞ্জে ১৩ জনের জামানত বাজেয়াপ্ত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে ১৩ জন কাউন্সিলর পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৩৮ জনের মধ্যে ১২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচজন ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী। তাঁরা হলেন আরিফুল ইসলাম উজ্জ্বল (২৩ ভোট), গোলাম আমবিয়া (৭ ভোট), নূরুজ্জামান সরকার (১৩৯ ভোট), মতিয়ার রহমান (৮৮ ভোট) ও শের আলী সরকার (১২০ ভোট)।
এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডে হাসান আলী (৯১ ভোট), রামকৃষ্ণ দাস রাম (৪৪ ভোট); ৩ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ (৩২ ভোট), আমিনুল ইসলাম (৭ ভোট); ৫ নম্বর ওয়ার্ডে আবদুর রাজ্জাক (৪৭ ভোট), রহমত আলী (৮৮ ভোট) এবং ৬ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম (২৩ ভোট)। সংরক্ষিত মহিলা আসন-২-এর (ওয়ার্ড নম্বর ৪, ৫ ও ৬) প্রার্থী হাফিজা খাতুনের (১৮৫ ভোট) জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়।