রায়গঞ্জে ২২ শতাংশ নলকূপে আর্সেনিক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২২ শতাংশ নলকূপে বিষাক্ত আর্সেনিক পাওয়া গেছে৷ এ পর্যন্ত উপজেলায় আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা দুই শতাধিক বলে জানা গেছে। এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার নলকূপের আর্সেনিক পরীক্ষা করাই হয়নি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আবদুল আজিজ বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষার ব্যবস্থা নেই৷ তবে কেউ অফিসে পানি আনলে বিনা খরচে আমরা পরীক্ষা করে দিই৷’ রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘শরীরে সামান্য কিছু হলেই মানুষ হাসপাতালে আসে৷ চিকিৎসাপত্র দেওয়ায় আর্সেনিকে আক্রান্ত ব্যক্তিদের মারাত্মক সমস্যার কোনো খবর আমাদের কাছে নেই৷’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ২০০২ সালের জরিপে উপজেলার নয়টি ইউনিয়নে ১৯ হাজার ৮৩৩টি নলকূপের পানি পরীক্ষা-নিরীক্ষা করে চার হাজার ৩০৭টি নলকূপের পানিতে আর্সেনিকের সন্ধান পাওয়া যায়; যা মোট নলকূপের প্রায় ২২ শতাংশ৷ জরিপ অনুযায়ী, চান্দাইকোনা ইউনিয়নে ৭৩২, ধুবিল ইউনিয়নে ৬৮০, ধানগড়ায় ৬৮০, সোনাখাড়ায় ৫৪৯ এবং নলকা ইউনিয়নে ৪৭৫টি নলকূপে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক পাওয়া যায়৷ এ ছাড়া ধামাইনগর, ব্রহ্মগাছা, পাঙ্গাসী ও ঘুড়কা ইউনিয়নের নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা খুব বেশি নয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। সবচেয়ে বেশি আর্সেনিকযুক্ত নলকূপ রয়েছে নলকা ইউনিয়নে৷ এ ইউনিয়নের ৩৪ শতাংশ নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া গেছে৷
দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১২ বছরে উপজেলায় ২৫ হাজার ৮৭৫টি নতুন নলকূপ বসানো হয়েছে৷ এ নিয়ে বর্তমানে উপজেলায় নলকূপের সংখ্যা ৪৫ হাজার ৭০৮টি। কিন্তু নতুন বসানো নলকূপের পানিতে আর্সেনিক আছে কি না, তা আর পরীক্ষা করা হয়নি৷ এ ছাড়া আগের পরীিক্ষত নলকূপের গা থেকে লাল চিহ্ন ওঠে যাওয়ায় মানুষ এসব নলকূপের আর্সেনিকযুক্ত পানি পান করছে।