রায়গঞ্জে ৫৫ দরিদ্র পরিবার পেল খাদ্যসামগ্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়গঞ্জ (পুসার) নামের একটি সংগঠন। দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে মঙ্গলবার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
সামাজিক দূরত্ব ঠিক রেখে সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোতে পাঁচ কেজি চাল, এক কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি আলু ও একটি করে সাবান দিয়ে আসেন। স্বেচ্ছাসেবার ভিত্তিতে এ কাজে অংশ নেন সংগঠনের সদস্য শরীফুল ইসলাম, কানিজ ফাতিমা, সাব্বির আহমেদ, দিবাকর দাস, আরিফ হোসাইন, আব্দুল্লাহ আল, আব্দুর রহমান, মাসুদ রানা, এমদাদুল হক, কাওসার আহমেদ, প্রিয়রঞ্জন পাল প্রমুখ।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওমর ফারুক ও রবিউল ইসলাম জানান, সংগঠনটি নতুন। শিগগিরই একটি আহ্বায়ক কমিটি হবে। ভাবতে ভালো লাগছে যে, সংগঠনটির যাত্রা শুরুই হলো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছে আছে তাঁদের।