রায়গঞ্জেও রোগী দেখতেন ওহাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় দেড় ধরে বছর রোগী দেখেন ‘অজ্ঞ-বিশেষজ্ঞ’ এ ওহাব খান। সেখানে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে চান্দাইকোনা বাজারের রওনক ডায়াগনস্টিক সেন্টারে সপ্তাহে একদিন রোগী দেখতেন তিনি।ঢাকার জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে ওহাব খানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করতে গিয়ে প্রথম আলো জানতে পারে, ওহাবের দাবি করা চিকিৎসাসংক্রান্ত সব ডিগ্রি ভুয়া। পাবনার চাটমোহরে ওষুধের দোকান দিয়ে তাঁর পেশাগত জীবন শুরু হয়। তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিছুই জানাতে পারেনি ওহাবের পরিবার। অথচ ঢাকার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালেও কাজ করেছেন ওহাব। তারও আগে ২০০২ সালের শুরু থেকে চুয়াডাঙ্গায় ইসলামী হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে সাত-আট মাস রোগী দেখেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ওহাব খান রওনক ডায়াগনস্টিক সেন্টারে ২০০২ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের এপ্রিল মাস পর্যন্ত রোগী দেখেন। তিনি ‘ডা. এ ডব্লিউ খান, এমবিবিএস এমডি ইন্টারনাল মেডিসিন পিজিটি সার্জারি’ এই নামে ব্যবস্থাপত্র দিতেন। এ সময় রাজধানীর গুলশান মাদার কেয়ারের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে নাম কার্ড (ভিজিটিং কার্ড) ব্যবহার করতেন। ওই সময় রওনক ডায়াগনস্টিক সেন্টারে ওহাব খানের সঙ্গে কাজ করেছেন এমন কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ওহাব প্রতি শুক্রবার ডায়াগনস্টিক সেন্টারে বসতেন। তিনি রোগী দেখলেও ব্যবস্থাপত্র লিখতেন তাঁর সঙ্গে আসা লোকজন। ওহাব শুধু ব্যবস্থাপত্রে স্বাক্ষর দিতেন। ব্যবস্থাপত্র লেখার আগে রোগীর শুধু রক্তচাপ মাপা হতো। তাঁরা আরও জানান, রোগীপ্রতি ২০০ টাকা করে নেওয়া হতো। প্রতি সপ্তাহে গড়ে রোগী হতো ১০ থেকে ১২ জন। ধীরে ধীরে ওহাব খানের আচরণ সন্দেহজনক মনে হতে থাকে। একপর্যায়ে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ গুলশান মাদার কেয়ারে খোঁজ নেয়। কিন্তু সেখানে ওই নামে কোনো চিকিৎসক ছিলেন না। পরে তাঁর কাছে মূল কাগজপত্র চাওয়া হলে তিনি জমা দেবেন বলে চলে যান।এ ব্যাপারে ওই সময় রওনক ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোক্তাদের একজন মোত্তাকিন তালুকদার বলেন, ‘ওহাব খানের নাম কার্ড দেখেই আমরা বড় চিকিৎসক ভেবেছিলাম। আসল কাগজপত্র চাওয়ার পর তিনি চলে যান, আর কখনো আসেননি।’ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান বলেন, ‘কাগজপত্র চাওয়ায় ওহাব খান আর আসেননি। তাতেই আমরা বুঝে গেছি, তিনি ভুয়া চিকিৎসক। তবে প্রথম আলোর প্রতিবেদনে তাঁর মুখোশ খুলে গেছে।’