রায়গঞ্জের আটটি সড়ক বেহাল, চরম ভোগান্তি
>বেহাল সড়ক—৯৪
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। দীর্ঘদিন ধরে মেরামত না করায় এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গত দুই দিনে উপজেলার ওই সব এলাকা ঘুরে এলাকাবাসী, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায় তাঁদের ভোগান্তির কথা।
উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজার থেকে ধুবিল ইউনিয়নের আমশড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার, নিমগাছি ডিগ্রি কলেজ মোড় থেকে শ্রীরামপুর পর্যন্ত দেড় কিলোমিটার, দেওভোগ থেকে আঁকড়া পর্যন্ত এক কিলোমিটার, ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে জয়ানপুর পর্যন্ত দুই কিলোমিটার, চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া থেকে তবাড়িপাড়া পর্যন্ত এক কিলোমিটার, সিমলা থেকে গদাইপুর পর্যন্ত দুই কিলোমিটার, ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর থেকে ভাতহাড়িয়া পর্যন্ত তিন কিলোমিটার, রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এক কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই পাশের ইট-খোয়া উঠে গিয়ে ঢালু হয়ে পড়েছে। শুধু মাঝখানে দেখে সড়কের চিহ্ন বোঝা যায়। এমন সড়কে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের আমিনুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি অনেক দিন ধরে বেহাল পড়ে আছে, কিন্তু দেখার যেন কেউ নেই। একই গ্রামের তিনজন কলেজছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু আমাদের এইটুকু সড়কের মেরামতকাজ হচ্ছে না। প্রতিদিন দুর্ভোগ সহ্য করেই আমাদের কলেজে যাতায়াত করতে হয়।’
ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের বিরেশ চন্দ্র কেরকেটা বলেন, নির্মাণের পরে আর মেরামত না করায় সড়কের অবস্থা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কেই তাঁদের চলাফেরা করতে হচ্ছে। অটোভ্যানচালক ইদ্রিস আলী বলেন, হেলেদুলে এই সড়কে চলতে গিয়ে গাড়ির ইঞ্জিনের সঙ্গে সঙ্গে চালকের অবস্থাও খারাপ হয়ে যায়। তাই পারতপক্ষে এই সড়কে যান না।
ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম বলেন, রায়গঞ্জ বাজার থেকে জয়ানপুর পর্যন্ত সড়কটি মেরামত করার জন্য উপজেলা সমন্বয় সভায় বলা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আবদুল বাছেদ বলেন, মেরামতের উপযোগী সড়কের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে
এসব সড়ক মেরামত করা হবে বলে জানান তিনি।