রায়গঞ্জের একমাত্র পার্কটি বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার একমাত্র পৌর পার্কটি বেহাল হয়ে আছে। কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় এটি এখন প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধানগড়া এলাকায় অবস্থিত গাজী ইসহাক হোসেন তালুকদার পৌর পার্কটি ২০১২ সালের ২১ জানুয়ারি প্রায় ৪৬ শতক জমির ওপর প্রতিষ্ঠা করা হয়। বসার জন্য পাঁচটি বেঞ্চ ও তিনটি ছাতা তৈরি করা হয়। এ পার্কটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সাংসদ প্রয়াত ইসহাক হোসেন তালুকদার। প্রতিষ্ঠার পর থেকেই কর্তৃপক্ষের অবহেলার শিকার হয় পার্কটি।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, একটি বসার বেঞ্চ ভেঙে ফেলা হয়েছে ও একটি ছাতা নেই। স্থানীয় পাঁচজন বাসিন্দা বলেন, প্রতিষ্ঠার পর থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেউ না থাকায় এ অবস্থা হয়েছে। পার্কজুড়ে গজিয়ে উঠেছে নানা রকমের আগাছা। দিনের বেলায়ও এখন আর সেখানে কেউ যান না বলে জানান তাঁরা। তাঁরা আরও বলেন, সন্ধ্যা হলেই এখানে মাদকাসক্তদের আড্ডা বসে। এ কারণে পার্ক-সংলগ্ন রাস্তাটি সন্ধ্যার পরে এড়িয়ে চলেন অনেকে।
প্রথম দিকে নিয়মিত পার্কে আসতেন এমন একজন ধানগড়া এলাকার মুনসুর রহমান বলেন, ‘নদীর ধারে জায়গাটি ছিল চমৎকার। আমরা আশা করেছিলাম দিনে দিনে পার্কের উন্নতি হবে। কিন্তু এখন সেখানে বসারও সুযোগ নেই।’ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ কুমার পাল বলেন, পরিবারের লোকজনকে নিয়ে এ পার্কে বেড়াতে এসে ফেরত যেতে হয়েছে। পার্কটির পাশে অবস্থিত রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবদুল মালেক সরকার বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আশা করেছিলাম পার্কটি সবার জন্য বিনোদনের একটি স্থান হবে। কিন্তু অযত্ন আর অবহেলায় এটি এখন পরিত্যক্ত হতে বসেছে।’
রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, তৎকালীন সাংসদের ইচ্ছায় পার্কটি করা হলেও এটির রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। এ কারণে পার্কের এ বেহাল দশা।
পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পার্কটিকে বিনোদনের স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, ‘পার্কটিকে এলাকার মানুষের বিনোদন ও অবকাশ যাপনের উপযোগী করে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষকে বলব।’