রায়গঞ্জের কোনো স্কুলেই চারু ও কারুকলার শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারু ও কারুকলা বিষয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এই বিষয়টিকে আবশ্যিক হিসেবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।ফলে উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বিপাকে পড়েছে। চলতি শিক্ষা বছরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে উপজেলার দুই হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, চলতি ২০১৩ সাল থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারু ও কারুকলাকে আবশ্যিক বিষয় হিসেবে জাতীয় শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছর অনুষ্ঠেয় জেএসসি পরীক্ষায় এই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় ৪৪টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা সদরের ধানগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার বলেন, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ বছর বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে তাঁরা বিস্তারিত কিছু জানেন না। বাধ্য হয়ে এ বিষয়ে যে শিক্ষকের ধারণা রয়েছে, তাঁকে দিয়েই ক্লাস নেওয়া হচ্ছে। এতে ফলাফল কী হবে, আগে থেকেই বলা যাচ্ছে না।রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, কিছুটা ধারণার ওপর চারু ও কারুকলা বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। আর কয়েক মাস পরেই জেএসসি পরীক্ষা। অথচ পরীক্ষার্থীদের এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া যাচ্ছে না।রৌহা এইচজিবিএল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল আলম বলেন, ‘অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চারু ও কারুকলা বিষয়টি নিয়ে খুবই চিন্তায় পড়েছে। আমরাও তাদের ঠিকমতো বিষয়টি সম্বন্ধে ধারণা দিতে পারছি না।’ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সৈকত তালুকদার বলে, ‘বছরের ছয় মাস পার হলেও এখন পর্যন্ত এ বিষয়টি সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা পাইনি।’ নাম প্রকাশ না করে কয়েকজন সহকারী শিক্ষক বলেন, এ পরীক্ষায় ভালো নম্বর না পেলে জিপিএ-৫ পাওয়া যাবে না। আর জিপিএ-৫ না পেলে শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার সম্ভাবনাও থাকবে না। এমনকি ধারণা না থাকার কারণে অনেক পরীক্ষার্থী এ বিষয়ে অকৃতকার্যও হতে পারে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, ‘এই বিষয়ে আমাদেরও পূর্ণাঙ্গভাবে কিছু জানানো হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ে পাঠদান চলছে।’