রায়গঞ্জের ঝুঁকিপূর্ণ জোড়া সেতুতে চলাচল
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীকোলা গ্রামের ঝিনাইগাড়ী খালের জোড়া সেতুটি নির্মাণের পর থেকেই যানবাহন চলাচলের অযোগ্য হয়ে আছে। এ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে লোকজনকে চলাচল করতে হয়।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, লক্ষ্মীকোলা গ্রামের ঝিনাইগাড়ী খালের ওপর নির্মিত দুটি সেতু একসঙ্গে জুড়ে দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। একটি সেতু আরেকটির চেয়ে প্রায় তিন ফুট নিচু এবং প্রস্থেও তিন ফুটের মতো কম। রিকশা-ভ্যান-মালামাল নিয়ে যাওয়ার সময় উঁচু-নিচু স্থানে উল্টে পড়ে। বিদ্যালয়গামী শিশুরা সেতু পার হতে হামাগুড়ি দিয়ে উঁচু সেতুতে ওঠে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর (এলজিইডি) এই খালের ওপর আট মিটার দীর্ঘ ও দুই মিটার প্রস্থের একটি সেতু নির্মাণ করে। দৈর্ঘ্য কম হওয়ায় কয়েক বছরের মাথায় সেতুর উত্তর পাশের সড়ক বন্যায় ভেসে যায়। পরে এলজিইডি ১০ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের আরেকটি সেতু তৈরি করে আগেরটির সঙ্গে জুড়ে দেয়। আগের সেতুটি পরেরটির চেয়ে প্রায় এক মিটার নিচু হওয়ায় এবং প্রস্থ কম হওয়ায় শুরু থেকেই লোকজন চলাচলে ভোগান্তিতে পড়েন। এর মধ্যে স্থানীয় মাদকাসক্ত ও চোরের দল পরের সেতুর রেলিং ভেঙে নিয়ে যায়। এ কারণে রাতের বেলায় যাতায়াতের সময় প্রায়ই বাইসাইকেল, ভ্যানসহ মানুষ খালে পড়ে যায়। লক্ষ্মীকোলা গ্রামের আকবর আলী বলেন, ‘শুধু আমাদের গ্রাম নয়, রৌহা, জুগিদহ, চাঁদপুরসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এই সেতুটি ব্যবহার করে। অথচ এটি মেরামত করা হচ্ছে না।’ লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, ঝুঁকিপূর্ণ এই সেতু পার হয়ে প্রতিদিন ছাত্রছাত্রীসহ এলাকার লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। রায়গঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন বলেন, ‘অদ্ভুত এই সেতুটি পুনর্নির্মাণের জন্য পৌরসভায় বেশ কয়েকবার বলেছি। আশ্বাস ছাড়া অন্য কিছু এখনো মেলেনি।’ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, ‘ঝুঁকিপূর্ণ এই সেতুটি পুনর্নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।’