রায়গ্রামের সর্বশেষ বরজটিও পুড়ে ছাই
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামে পানের বরজে আর আগুন লাগবে না। গত ফেব্রুয়ারিতে দুই দফায় আগুন লাগার পর গতকাল বুধবার সর্বশেষ পুড়ে ছাই হয়েছে সহশ্রাধিক কৃষকের পাঁচ শতাধিক বিঘার বরজ। ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকার। এখন গামে আর কোনো বরজ অবশিষ্ট নেই। বরজের সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকদের সব আশা-ভরসা।ঝিনাইদহের কালীগঞ্জ উজেলার রায়গ্রাম ও দুলালমুন্দিয়া গ্রামের কৃষকেরা জানিয়েছেন, দুই দফা আগুনে পোড়ার পরও রায়গ্রাম মাঠে এক হাজার পানের বরজ ছিল। গতকাল দুপুর ১২টার দিকে রায়গ্রামের দাসপাড়া মাঠ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মাঠে ছড়িয়ে পড়ে। পাঁচ শতাধিক বিঘা জমির এক হাজার বরজ পুড়ে ছাই হয়েছে।ঝিনাইদহ ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে পড়ে। চার ঘণ্টা চেষ্টা করে ঝিনাইদহ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পান চাষি আলমগীর হোসেন ও দিলীপ সেন জানান, তাঁরা বরজের ভেতরে প্রথম ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে আসার আগেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড রোদ ও বাতাসের কারণে মুহূর্তের মধ্যে আগুন রায়গ্রাম ও দুলাল মুন্দিয়া মাঠে ছড়িয়ে যায়। গ্রামের লোকজন অগভীর নলকূপের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু প্রচণ্ড তাপের কারণে বরজের আশপাশে কেউ যেতে পারছিল না। বরজে আগুনের দৃশ্য দেখে পান চাষি পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ে। তারা সর্বস্ব হারানোর মাতম করতে থাকে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন জানান, আগুনে আনুমানিক ৫০০ বিঘা জমির বরজ পুড়ে গেছে। বারবার আগুনে পানের বরজ পোড়ার রহস্য উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান। ঘটনার পর জেলা প্রশাসক রমা রাণী রায়, পুলিশ সুপার রেজাউল করিম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা এলাকা পরিদর্শন করেছেন। আনজুমান আরা জানান, ক্ষতির পরিমাণ এখনই ঠিক বলা যাচ্ছে না। উল্লেখ্য, রায়গ্রামে গত ৯ ফেব্রুয়ারি ১৫ বিঘা, ২২ ফেব্রুয়ারি ৪০ বিঘা জমির বরজ আগুনে পুড়ে ছাই হয়। এ আগুনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কালীগঞ্জের দুলাল মুন্দিয়া বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে। গত বছরের একই সময়ে আগুনে এই মাঠের প্রায় ২০০ বিঘা জমির বরজ পুড়ে ছাই হয়।