রায়পুর, শেরপুরে রাত জেগে মন্দির ও বাড়িঘর পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের কয়েক দিনের তাণ্ডবের পর বিভিন্ন স্থানে নিজেদের সম্পদ ও স্থাপনা রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে সর্বস্তরের মানুষ। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাত জেগে পাহারাও দেওয়া হচ্ছে কোথাও কোথাও। লক্ষ্মীপুরের রায়পুর ও বগুড়ার শেরপুরে কমিটি করে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর। সাম্প্রদায়িক সংঘাত বন্ধে সভা-সমাবেশ ও বৈঠক করে মানুষকে সচেতন করা হচ্ছে।নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রায়পুরে রাত জেগে মন্দির পাহারা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের গাইয়ার চর গ্রামে মন্দির পাহারা দিতে চারটি দল গঠন করেছে গ্রামবাসী। তারা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে। গত বৃহস্পতিবার সেখানকার দুটি মন্দিরে আগুন দেওয়া হয়। দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিত্য গোপাল মজুমদার বলেন, মন্দিরে অগ্নিসংযোগের পর এলাকার বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এলাকার পাঁচটি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিতে চারটি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ১০-১৫ জন সদস্য রয়েছে।শেরপুরে রাত জেগে পাহারা অব্যাহত: বগুড়ার শেরপুরে সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পৌর শহরের পাড়ায় পাড়ায় রাত জেগে যুবকদের পাহারা অব্যাহত রয়েছে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকেরা শহরের বিভিন্ন মোড়ে পাহারা দিচ্ছেন।গত রোববার থেকে শহরের হিন্দু-অধ্যুষিত এলাকায় রাত জেগে এই পাহারা শুরু হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় ঘুরে দেখা গেছে, পাহারারত প্রতিটি স্থলেই রয়েছেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যুবকেরা। শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুণ্ডু পাহারারত যুবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি আওয়ামী লীগের উপজেলা ও শহর কমিটির নেতারাও শহরের হিন্দু-অধ্যুষিত এলাকায় গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলছেন। মঙ্গলবার রাত তিনটার দিকে শহরের শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সামনে কথা হয় মেয়র স্বাধীন কুমার কুণ্ডুর সঙ্গে। তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়সহ ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাড়িতে দুর্বৃত্তরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারে, সে জন্যই যুবকেরা এই পাহারা দিয়ে যাচ্ছেন।সেখানে উপস্থিত সান্যাল পাড়ার যুবক পাভেল রহমান বলেন, সব ধর্ম ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধের কারণেই তিনি রাত জেগে পাহারায় যোগ দিয়েছেন।