রায়পুর ও রামগঞ্জে দেড় বছরে ৫২টি আত্মহত্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায় গত দেড় বছরে ৫২ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ৩৬ জন কীটনাশক পানে আত্মহত্যা করেন। এ সময় আত্মহত্যার চেষ্টাকারী আরও পাঁচ শতাধিক লোক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থতা, বখাটেদের উৎপাত, অবৈধ মেলামেশা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, যৌতুক, দারিদ্র্য ও বেকারত্বই আত্মহত্যার মূল কারণ। আর কীটনাশকই আত্মহত্যার মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।
রায়পুর থানা সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলায় ২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত ২৫ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ১৭ জন কীটনাশক পানে আত্মহত্যা করেন। তাঁদের মধ্যে ১১ জনই নারী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক জানান, একই সময়ে রামগঞ্জ উপজেলায় ২৭ জন আত্মহত্যা করেন। তাঁদের মধ্যে ১৯ জন কীটনাশক পানে আত্মহত্যা করেন। আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি।
তবে বেসরকারি হিসাবে আত্মহত্যার সংখ্যা আরও বেশি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত দেড় বছরে রায়পুর ও রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আত্মহত্যার চেষ্টাকারী পাঁচ শতাধিক লোককে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশই কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে নারীর সংখ্যাই বেশি।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, দুই উপজেলায় ২৮০ জন ডিলারের কীটনাশক বিক্রয়ের লাইসেন্স রয়েছে। কিন্তু লাইসেন্সবিহীন ব্যবসায়ীরাও কীটনাশক বিক্রি করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়পুর ও রামগঞ্জের ৫০টি হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে কীটনাশক। কর্তৃপক্ষের কোনো তৎপরতা না থাকায় অসাধু ব্যবসায়ীরা কৃষক ছাড়া অন্যদের কাছেও কীটনাশক বিক্রি করে থাকেন।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুস ছালাম বলেন, লাইসেন্স ছাড়া যাঁরা কীটনাশক বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুরের চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন ও রামগঞ্জের করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক জানান, সংসারে বিরোধ দেখা দিলেই কীটনাশক পানে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। আর এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘আত্মহত্যার কুফল সম্পর্কে বিভিন্ন সভা ও সেমিনারে বলি। এ নিয়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে ইউনিয়নভিত্তিক সেমিনার করব।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, আত্মহত্যার প্রবণতা এখানে বেশি। তবে পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে।