রায়পুর ও রামগঞ্জে মাদকের বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার ঘটেছে। পৌর শহরসহ দুই উপজেলার দুই শতাধিক স্থানে অনেকটা নির্বিঘ্নে বেচাকেনা হচ্ছে সর্বনাশা মাদক। সহজলভ্যতার কারণে কিশোর-তরুণেরাও ঝুঁকে পড়ছে এ মরণনেশায়। গত ২১ জুন জেলা মাদক নিয়ন্ত্রণ কমিটির সভায় জেলা প্রশাসক আবুল বাশার মো. জহিরুল ইসলাম অসন্তোষ প্রকাশ করে বলেন, শুধু মদ-গাজা উদ্ধারই যথেষ্ট নয়; ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল উদ্ধারের লক্ষ্যে জোর তৎপরতা চালাতে হবে। সভায় উপস্থিত বক্তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সমালোচনা করেন। মাদক বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের হাত করে তারা নির্বিঘ্নে এ ব্যবসা চালাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদক চোরাচালানকারীরা কুমিল্লা, চৌদ্দগ্রাম, বিবিরহাট, কসবা, ফেনীসহ সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, বার্মার মদ, হেরোইন ও গাঁজা মাইক্রোবাস বা ট্রাকে করে রায়পুর ও রামগঞ্জে নিয়ে আসে। অনুসন্ধানে জানা গেছে, রামগঞ্জ উপজেলার ফতেহপুর, কেথুড়ী বাজার, মজুপুর, সোনাপুর, চণ্ডীপুর বকশিবাজার এলাকা, সরকারি কলেজের উত্তর গেট, পৌর মার্কেটসংলগ্ন এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড থেকে হাজীগঞ্জ টেম্পোস্ট্যান্ড পর্যন্ত এলাকা; রায়পুর উপজেলার বাসস্ট্যান্ড, জেলা পরিষদ ডাকবাংলো, মুড়িহাটাসংলগ্ন আখড়া, মহিলা কলেজসংলগ্ন এলাকা, মুচিহাটা, পোস্ট অফিসসংলগ্ন ওয়াপদা কলোনি, পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপ এলাকা, গোডাউনসংলগ্ন নদীর পাড় ছাড়াও প্রত্যেক ইউনিয়নের ১০-১৫টি স্থানে মাদক বেচাকেনা ও সেবন চলে। রায়পুর থানার উপপরিদর্শক সৈয়দ জাকির হোসেন বলেন, মাদক বিক্রেতারা ঘুরে ঘুরে মাদক বিক্রি ও ব্যবহার করছে। এদের ধরতে প্রতিদিন সন্ধ্যা থেকেই একদল পুলিশ টহল দিচ্ছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভুঁইয়া জানান, প্রায়ই মাদক ব্যবসায়ী ও আসক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে কোন কোন এলাকায় মাদক বিক্রি হয় তা পুলিশের জানা নেই।