রায়পুর পৌরসভার ৩০ সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩০টি সড়কে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি এই সড়কে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে রাস্তাগুলো আরও বেশি ভোগান্তির কারণ হয়ে ওঠে। টাকার অভাবে সড়কগুলোর সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় পৌরসভার পাকা (কার্পেটিং) সড়ক রয়েছে ৪০ কিলোমিটার, সলিং (ইট বিছানো) ১৮ কিলোমিটার ও আরসিসি (ঢালাই দেওয়া) পাঁচ কিলোমিটার সড়ক রয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ণ ৫০টি সড়কের মধ্যে ৩০টিই খানাখন্দে ভরা। দুই থেকে তিন বছর ধরে এ দশা। যান চলাচলের জন্য চলতি বর্ষা মৌসুমে কয়েকটি সড়কে ইট-খোয়া ফেলে কিছু গর্ত ভরাট করা হয়েছে। কিন্তু বৃষ্টিতে সেগুলোও খুব বেশি দিন টেকেনি।
গত ৩০ আগস্ট ঘুরে দেখা গেছে, মোহাম্মদ উল্যা সড়ক, শাহাজান চৌধুরী, গাজী নগর, মালের বাড়ি, টিসি রোড, টিঅ্যান্ডটি, কাজী ফিরোজ পারভেজ, দেওয়ান বাড়ি, এলএম স্কুল থেকে এমপি সড়ক, ছফি উল্যা মাস্টারের বাড়ি সড়ক, মধুপুর থেকে মহিলা কলেজ, আশরাফ আলী ভূঁইয়া, রুস্তম আলী ও মাদ্রাসার সামনের সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এসব সড়কের সিলকোট ও ইটের খোয়া উঠে অসংখ্য গর্ত তৈরি হয়েছে।
পৌর শহরের দেনায়েপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ বলেন, দু-তিন বছর আগেই পৌরকর বাড়ানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত রাস্তাঘাটের কোনো উন্নতি হয়নি। এসব পথে ছোট ছোট যেসব যান চলে, রাস্তার বেহাল দশার কারণে সেগুলোও এখন দ্বিগুণ ভাড়া নেয়।
মধুপুর গ্রামের রিকশাচালক নূর আলম বলেন, পৌরসভার অনেক রাস্তায় গর্তের কারণে রিকশাই চালানো যায় না। হেঁটে হেঁটে টানতে হয়। এতে রিকশাচালকদের পরিশ্রম কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় গর্তে পড়ে রিকশা ভেঙে যায়। মেরামতেও বাড়তি টাকা লাগে। তাই তাঁরা কিছু কিছু রাস্তায় যাত্রী নিলে বাড়তি ভাড়া নেন।
কলেজ রোডের বাসিন্দা আবদুল কাদের বলেন, তিনি গত জুনে কাজী ফিরোজ পারভেজ সড়ক দিয়ে রিকশায় চড়ে যাওয়ার সময় রিকশা গর্তে পড়ে গেলে তাঁর ডান হাত ভেঙে যায়।
পৌর মেয়র এ বি এম জিলানী পৌরসভার অধিকাংশ সড়কেই গর্ত সৃষ্টি হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, টাকার অভাবে এগুলো সংস্কার করা যাচ্ছে না। তবে সড়ক সংস্কারে এরই মধ্যে একটি দরপত্র আহ্বান করা হয়েছে। এতে অনেক সড়কই মেরামত হয়ে যাবে।