রায়পুর পৌরসভার ৮৯ লাখ টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা!
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৮৯ লাখ টাকার কাজ কৌশলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাধারণ ঠিকাদারেরা জানিয়েছেন, সরকারদলীয় নেতা-কর্মীদের বাধার কারণে তাঁরা কাজের শিডিউল কিনতে এবং দরপত্র জমা দিতে পারেননি।রায়পুর পৌরসভা কার্যালয় সূত্র জানায়, এলাকার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কার এবং পুকুর ও নদীতে ঘাট নির্মাণের জন্য গত সপ্তাহে প্রায় ৮৯ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। মোট ১১টি প্যাকেজের (শ্রেণীতে) মাধ্যমে এ দরপত্র আহ্বান করা হয়। শিডিউল বিক্রির শেষ দিন ছিল গত সোমবার। লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও রায়পুর পৌরসভা কার্যালয় থেকে শিডিউল বিক্রি করা হয়। তবে রায়পুর পৌরসভা কার্যালয় থেকে কোনো শিডিউল বিক্রি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার কারণে পৌর কার্যালয় থেকে তাঁরা কোনো শিডিউল কিনতে পারেননি। অন্য কার্যালয় থেকে শিডিউল কিনলেও একই কারণে তা জমা দিতে পারেননি। রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ জানায়, দরপত্র দাখিলের শেষ দিন ছিল গত মঙ্গলবার। ওই দিন প্রতিটি প্যাকেজের জন্য তিনটি করে মোট ৩৩টি দরপত্র জমা পড়ে। ঠিকাদারদের ভাষ্যমতে, একটি কাজের জন্য কমপক্ষে তিনটি দরপত্র দাখিলের নিয়ম রয়েছে। আর সেজন্য প্রতি প্যাকেজে মাত্র তিনটি করেই দরপত্র জমা পড়েছে। তাদের বক্তব্য, সমঝোতার মাধ্যমেই আওয়ামী লীগের নেতারা এসব দরপত্র জমা দিয়েছেন। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ জাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার দরপত্রের প্রতিটি কাজ আওয়ামী লীগের নেতারা ভাগ-বাঁটোয়ারা করে নেন। কিন্তু দরপত্রের শর্ত অনুযায়ী ৩০ শতাংশ কাজও করেন না। এমনকি সমঝোতার মাধ্যমে নেওয়া এসব কাজের বিল পেতে দেরি হলে সংশ্লিষ্ট প্রকৌশলীদের গালমন্দ করেন। জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দরপত্র কিনতে বা জমা দিতে কাউকে বাধা দেওয়া হয়নি। নিয়মতান্ত্রিকভাবেই সব কাজ হয়েছে।’ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন বলেন, ‘ভাগ-বাঁটোয়ারা হয়েছে কি না, সেটা আমার জানার বিষয় নয়। শিডিউল বিক্রির পর তা জমাও হয়েছে। তবে তিনি স্বীকার করেন পৌর কার্যালয় থেকে কোনো শিডিউল বিক্রি হয়নি।’রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, ‘ভাগ-বাঁটোয়ারার বিষয়টি আমার জানা নেই। তবে লোকমুখে শুনেছি, দরপত্র জমা দিতে ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’