রায়পুর সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের কলাপসিবল গেটে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তালা ঝুলিয়ে দেন। ছাত্রলীগ নেতাদের দাবি অনুযায়ী, ১৪ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা কম না নেওয়ায় তাঁরা অধ্যক্ষের অপসারণের দাবিতে এ তালা ঝুলিয়ে দেন। এ সময় আতঙ্কিত শিক্ষক-কর্মচারীরা দ্রুত কলেজ ত্যাগ করেন। কলেজ সূত্র জানায়, এখানে দ্বাদশ শ্রেণীতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। ২২ ডিসেম্বর ফরম পূরণ শেষ হয়। কাল শনিবার পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ কলেজ শাখার নেতারা ১৪ জন শিক্ষার্থীর ফরণ পূরণে কম টাকা নিতে তদবির করেন। কিন্তু কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা।পরে তাঁরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের গেটে তালা মেরে দেন। কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘ফরম পূরণ নিয়ে অধ্যক্ষের বিভিন্ন অনিয়মে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আমাদের দলীয় কয়েক পরীক্ষার্থীর টাকা কমাতে অনুরোধ করেছিলাম। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা রাখেনি। এতে ক্ষুব্ধ হয়ে দলীয় কিছু নেতা-কর্মী কলেজে তালা লাগিয়ে দেয়।’ ফরম পূরণ কমিটির আহ্বায়ক সহকারী মাহবুবুর রহমান বলেন, ‘তালা মারার বিষয়টি আমিও শুনেছি। অধ্যক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’