রায়পুর সরকারি ডিগ্রি কলেজে ফের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের ফটকে গতকাল শনিবার আবারও তালা মারা হয়েছে৷ গত সোমবার কলেজে তালা মারার ঘটনায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে রাজীমকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে৷ এর জের ধরে সংগঠনের কর্মীরা কলেজে ফের তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
কলেজ সূত্রে জানা গেছে, চাঁদা না পাওয়ায় গত সোমবার কলেজের একাডেমিক ভবনে তিনি তালা মেরে দেন। ওই দিনই সরকারি কাজে বাধা দেওয়া এবং চাঁদা দাবির অভিযোগে কলেজের অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে গত শুক্রবার রাত ১২টার দিকে রায়পুর শহরের মোহাম্মদীয়া হোটেলের কাছ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনার জের ধরে সাইফুল ইসলামের অনুসারী ছাত্রলীগের কয়েকজন কর্মী গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কলেজের একাডেমিক, প্রশাসনিক ভবন এবং মূল ফটকে তালা মেরে দেন। এতে প্রভাষক মামুন খান ও গোলাম সামদানী অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশ বিকেল পাঁচটার দিকে তালা ভেঙে তাঁদের উদ্ধার করেন।