রায়পুরজুড়ে জামায়াতের তাণ্ডব
লক্ষ্মীপুর জেলার রায়পুরের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে তাণ্ডব শুরু করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা।জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর থেকে তাঁরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন।একই সঙ্গে আগুন লাগানোর ঘটনাও ঘটান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা।পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাকী বিল্লাহর মোটরসাইকেল ও দোকানে আগুন দেন তাঁরা।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের ভাষ্য, শিবিরের ২০-২৫ জন মুখোশধারী নেতা-কর্মী রাত ১১টার দিকে তাঁর বাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।এতে বাড়ির টেলিভিশন, ফার্নিচারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।
গতকাল দিবাগত রাত দুইটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের বাড়িতে হামলা চালানো হয়।হামলাকারীরা বাড়ির জানালার কাচ ও গেট ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করার পর বিভিন্ন এলাকা থেকে শিবিরের নেতা-কর্মীরা শহরে জড়ো হতে থাকেন।তাঁরা খণ্ড খণ্ড মিছিল করে আঞ্চলিক মহাসড়ক, উপজেলা পরিষদ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।তাঁদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল।এ সময় কমপক্ষে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।তাঁরা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের খাইল্যার পোল, ফিশ হ্যাচারি, জনতা বাজারসংলগ্ন এলাকাসহ সাত-আটটি স্থানে সড়ক কেটে দেন।এতে ওই সব সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, বিভিন্ন স্থানে রাস্তা কেটে ফেলায় ও গাছ কেটে সড়ক অবরোধ করায় পুলিশ চলাচল করতে পারছে না।