রায়পুরায় টেঁটা বিদ্ধ করে এক ব্যক্তিকে হত্যা, আহত ২
নরসিংদীর রায়পুরা উপজেলায় টেঁটা বিদ্ধ করে তোতা মিয়া (৭০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাদের হামলায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার দুপুরে নিলক্ষা ইউনিয়নের চর এলাকা হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের তোতা মিয়ার সঙ্গে তাঁর চাচাতো ভাই শাহ আলমের পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলমের লোকজন টেঁটা নিয়ে তোতা মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তোতা মিয়া এবং তাঁর দুই ভাই বশির মিয়া (৩০) ও ধলা মিয়া (৫০) টেঁটাবিদ্ধ হন। ঘটনাস্থলেই তোতা মিয়ার মৃত্যু হয়। বশির মিয়া ও ধলা মিয়াকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বিকেলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, নিহত তোতার লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক শত্রুতার জের ধরেই মূলত এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।