রায়পুরায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ইকবাল মিয়া (২৭) ও মো. জনি মিয়া (২৫) নামের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি বালুর চক থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুজনের বাড়িই শিবপুর উপজেলা সাধারচর এলাকায়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব ও রায়পুরা উপজেলার সীমান্তর্তী এলাকা মাহমুদাবাদের বালুর চক। চকটির আশপাশে কোন জনবসতি না থাকায় মানুষের চলাচল খুব কম। বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন সেখানে দুটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের বুকে ও মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আগের দিন রাতের কোনো একসময় বাইরে থেকে দুর্বৃত্তরা লাশ দুটি সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রথমে লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। তবে বিকেলে শিবপুর মডেল থানার পুলিশ দুজনকে পুলিশের তালিকাভুক্ত ডাকাত হিসেবে চিহ্নিত করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।