রায়পুরায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ আহত ২০, গ্রেপ্তার ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩০টি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত বুধবার দুপুরে রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের বিল্লাল মিয়া ও বাঁশগাড়ী গ্রামের ছালাম মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। রায়পুরা থানা পুলিশ বুধবার রাতে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে ছাত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সেন্টু মিয়া (৪২), অলি মিয়া (৩৪), নূর-এ-আলম (২০), মোস্তফা মিয়া (২৫), গোলাম কিবরিয়া (৪০), বাদল মিয়া (৩৬), আলাউদ্দিন (৩০), বিল্লাল (১৩), সপ্তম শ্রেণীর ছাত্র মজিদ (১৪), অষ্টম শ্রেণীর ছাত্র মো. শফিক (১৬), খায়ের মিয়া (২৪), আনোয়ার হোসেন মিয়া (২৫), গোলাম মোস্তফা (৩৫), মারুফ হোসেন (২০), তোফাজ্জল হোসেন (২৪), হাফিজ উদ্দিন (৩৩) ও কাশেম মিয়া (৩৯)। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা ও রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ছালাম মেম্বারসমর্থিত লোক হিসেবে পরিচিত।এলাকাবাসী জানায়, গত রোববার পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলাবান বাজারে গানের আসরে রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের বিল্লাল মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে একই উপজেলার বাঁশগাড়ী গ্রামের রুবেল মিয়ার বাগিবতণ্ডা হয়। বিষয়টি গত সোমবার সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসা হয়ে যায়। মীমাংসার পর দিন মঙ্গলবার সকালে আবার বাঁশগাড়ী ইউনিয়নের লোকজন মির্জাচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১০টি গরু, সাতটি ছাগল ও কয়েকটি রাজ হাঁস ধরে নিয়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার বাঁশগাড়ীর লোকজন লুট করে নেওয়া ছয়টি গরু কৃষকদের ফেরত দেয়।ওই উত্তেজনার সূত্র ধরে বুধবার দুপুরে বাঁশগাড়ী ইউনিয়নের ছালাম মেম্বার ও জাবেদ মাস্টারের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মির্জাচর বাজারে হামলা চালিয়ে প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর করে। এতে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আসমত উল্লাহ জানান, এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মির্জাচরের আবদুল কাদের নামে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন।