রায়পুরায় মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গরুবোঝাই ট্রলার ডুবে চার ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এতে ১৫টি গরু মারা গেছে। গতকাল মঙ্গলবার রাতে শ্রীনগর ইউনিয়নের বেলোয়ারচর আনন্দবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন আবদুল্লাহপুর গ্রামের আবদুল হক ও ফরিদ মিয়া এবং মেহেরনগর গ্রামের খলিল মিয়া এবং বাহেরচর গ্রামের আনোয়ার মিয়া।
পুলিশ ও তীরে উঠে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমোজা বাজার থেকে গরুবোঝাই একটি ট্রলার রায়পুরার চরসুবুদ্ধি গ্রামের উদ্দেশে ছেড়ে আসে। রাত আটটার দিকে বেলোয়ারচর আনন্দবাজার পার হওয়ার সময় নদীতে ঝড় শুরু হয়। এতে সোয়া আটটার দিকে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২০ জন গরু ব্যবসায়ীর মধ্যে ১৬ জন সাঁতরে তীরে উঠে আসেন। রাত পৌনে ১০টার দিকে পুলিশ গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। তখন পর্যন্ত উল্লিখিত চারজনকে খুঁজে পাওয়া যায়নি।