রায়পুরায় যুবদল নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ
নরসিংদীর রায়পুরায় সিরাজ মিয়া (৩০) নামে যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক ছিলেন।একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় আদালতে নিয়ে আসা হলে সিরাজের অবস্থার অবনতি হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য দ্রুত জেলা হাসপাতালে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে সিরাজের মৃত্যু হয়। তবে পুলিশ সিরাজের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।সিরাজের মা আমেনা বেগম সাংবাদিকদের জানান, গত সোমবার সকালে চর-আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ও একই দলের কর্মী লাভলু মিয়ার সমর্থক লোকজন সিরাজকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করে। নির্যাতনে তাঁর হাত ভেঙে যায়। পরে তারা সিরাজকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশও সিরাজকে নির্যাতন করে। সকালে আদালতে আনলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে জেলা হাসপাতালে তাঁর ছেলে মারা যায়। আমেনা বেগম বলেন, ‘ছেলের মৃত্যুর ঘটনায় আমি জাকির হোসেন ও লাভলু মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামসুর রহমান জানান, পুলিশ সিরাজ মিয়াকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁর হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।চর-আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বলেন, সিরাজ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। তবে নির্যাতন করেনি। নির্যাতন চালানো এবং পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে তাঁর কোনো হাত ছিল না বলে তিনি দাবি করেন।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন পুলিশের নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সিরাজ হলেন বাঘাইকান্দির শাহাদাত হোসেন হত্যা মামলার আসামি। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এলাকাবাসী সিরাজকে ধরে পুলিশে দেওয়ার পর আমরা তাঁকে শাহাদাত হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি দেখিয়ে আদালতে হাজির করি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।’ওসি বলেন, সিরাজ মিয়াকে আটক করে যারা মারধর করেছে এবং যারা পুলিশের কাছে দিয়েছিল, তারা আইন ভঙ্গ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।