রায়পুরায় রেলপথ অবরোধ, তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল শুক্রবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ী এলাকায় রেলপথ অবরোধ করে স্থানীয় লোকজন। এ সময় প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-ময়মনসিংহসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চারটি আন্তনগরসহ সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন।স্থানীয় অধিবাসীরা জানান, রায়পুরা উপজেলা শহর থেকে মহাসড়কের দূরত্ব ১৫ কিলোমিটার। এ কারণে উপজেলার মানুষ, বিশেষ করে খানাবাড়ী এলাকার মানুষ সড়কপথের চেয়ে রেলপথেই বেশি যাতায়াত করে। কিন্তু খানাবাড়ী স্টেশনে কোনো আন্তনগর ট্রেন থামে না। এমনকি তিতাস কমিউটার ট্রেনটিও এই স্টেশনে থামে না। এ জন্য আন্তনগর ট্রেন সম্ভব না হলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ঢাকায় চলাচলকারী তিতাস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ বিষয়ে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। বাধ্য হয়ে গতকাল তারা রেলপথ অবরোধ করে।খানাবাড়ী রেলস্টেশন সূত্রে জানা যায়, ভোর সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে স্টেশন এলাকায় এসে স্টেশনের নিয়ন্ত্রণকক্ষের নিয়ন্ত্রণ নেয়। ঢাকাগামী তিতাস ট্রেনটি সকাল সাতটার দিকে খানাবাড়ী স্টেশন অতিক্রম করার সময় জনতা লাইনে অবস্থান নিয়ে ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ অবস্থায় চালক ট্রেনটি থামাতে বাধ্য হন। এলাকাবাসী ট্রেনটিকে আটকে রেখে স্টেশন এলাকায় সভা করে। এ অবস্থায় স্টেশন কর্তৃপক্ষ নরসিংদী ও ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তা চান। এর ঘণ্টাখানেক পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় লোকজন স্লোগান দিয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে রায়পুরা থেকে নির্বাচিত সাংসদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রেনের যাত্রাবিরতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পর সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।আন্দোলনের সংগঠক আসাদুজ্জামান বলেন, ‘মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে তিতাস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করবেন। আশ্বাস কার্যকর না হলে পরবর্তী সময়ে সারা দিনের জন্য ট্রেনপথ অবরোধ করা হবে।’ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, কয়েক হাজার জনতা ট্রেনপথ অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আ. মোতালিব জানান, অবরোধের কারণে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতি নরসিংদীর ঘোড়াশাল, সিলেটগামী আন্তনগর নরসিংদী, নোয়াখালীগামী আন্তনগর উপকূল জিনারদি এবং ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর ট্রেনটি মেথিকান্দা স্টেশনে আটকা পড়ে।