রায়পুরায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। দা ও বল্লমের আঘাতে আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দড়িগাঁও গ্রামের শহীদ মেম্বার ও হরিপুর গ্রামের সুমেদ আলী মিয়ার সমর্থকদের বিরোধ দীর্ঘদিনের। সর্বশেষ এক মাস আগে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অনেক মানুষ আহত হয়। ওই ঘটনার সূত্র ধরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে উভয় পক্ষ টেঁটা নিয়ে দড়িগাঁও গ্রামের সব্দর আলী খান উচ্চবিদ্যালয় মাঠে এবং হরিপুর বাজারের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।টেঁটাবিদ্ধ ব্যক্তিদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন আলী হোসেন, হারুন মিয়া, সামসু মিয়া, জহর আলী, জাকির মিয়া, সফিক মিয়া, স্বপন মিয়া, শাহ আলম, কালাম মিয়া, মিজান, ওসমান মিয়া, শহীদ মিয়া ও আয়েব আলী। তাঁদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, নরসিংদী সদর ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর বাতেন জানান, সংঘর্ষে উভয় পক্ষের কয়েক শ জন টেঁটা ব্যবহার করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।